হাদিসে রাসুল ﷺ
প্রথম সংস্করণের ভূমিকা

উমর ﵁রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন। একজন আনসার ছিল, সে যখন অনুপস্থিত থাকত তখন আমি রাসুলুল্লাহ ﷺসল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে উপস্থিত থাকতাম। আমি যা শুনতাম তা ঐ ব্যক্তিকে জানাতাম। আবার আমি যখন অনুপস্থিত থাকতাম তখন ঐ ব্যক্তি রাসুলুল্লাহ ﷺসল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে উপস্থিত থাকত। সে যা শুনত, তা আমাকে জানাত। (সহিহ আল-বুখারি ৭২৫৬)
সাহাবিদের মতো আমাদেরও রাসুলুল্লাহ ﷺ-এর হাদিস জানা ও মানার আগ্রহ সৃষ্টি করতে হবে। তাই রাসুলুল্লাহ ﷺ-এর গুরুত্বপূর্ণ কিছু হাদিস সাধারণের জানার জন্য চয়নের ব্যবস্থা করেছি। মূল হাদিসের তরজমা দেখে দেওয়ার ব্যাপারে আমাকে সাহায্য করেছেন আমাদের এলাকার অভিজ্ঞ মোদাররেস ও প্রখ্যাত আলেমে দীন মুহতারাম মাওলানা মোঃ শোয়াইবুর রহমান। এছাড়াও একাজে সহযোগিতা করেছেন আমার শ্রদ্ধেয় চাচা আলহাজ মাওলানা আবদুল্লাহ, আমার প্রিয় ভাই মাওলানা বজলুর রহমান ও আরো অনেকে। আমি এদের সবার কাছে কৃতজ্ঞ। মহান আল্লাহ তাদেরকে জাযায়ে খায়ের দান করুন। ভুল থাকা অস্বাভাবিক নয়। তাই কোনো ভুল দেখে অবহিত করলে খুশি হবো। মান বৃদ্ধির ব্যাপারে শুভাকাঙ্ক্ষীদের যে কোনো পরামর্শ সাদরে গৃহীত হবে। ইয়া রব্বাল আলামিন! আমার এ নগণ্য প্রচেষ্টাকে কবুল করো এবং আখিরাতে নাজাতের কারণ বানাও। আমিন!
মোঃ হাবিবুর রহমান
রাজশাহী
১৯৮৬
তৃতীয় সংস্করণের ভূমিকা
আলহামদুলিল্লাহ! আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য আল্লাহ ও তাঁর রাসুল ﷺ-এর ভালোবাসা অর্জন এবং তা পাওয়ার একমাত্র উপায় রাসুলুল্লাহ ﷺ-এর অনুসরণ। “হাদিসে রাসুল ﷺ” গ্রন্থটি এ উদ্দেশ্যে নতুন করে সাজানো হয়েছে। আমার একান্ত অনুরোধ হাদিসগুলো আমলের উদ্দেশ্য নিয়ে পাঠ করুন। গ্রন্থটির দুআ ও তাসবিহ-তাহলিলগুলো যার পক্ষে যতটুকু সম্ভব (আরবি থেকে) মুখস্থ করে নিয়ে আমল করুন। তাহলে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার পথে আমাদের জীবনের পরিবর্তন অনুভব করব ইনশাআল্লাহ।
প্রখ্যাত দায়ি ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর ﵀রহিমাহুল্লাহ রচিত গ্রন্থ থেকে সহিহ ও গ্রহণযোগ্য হাদিস এবং তাঁর মতামত কিছু কিছু হাদিসের ব্যাখ্যা হিসেবে নেওয়া হয়েছে। মহান আল্লাহ তাঁকে উত্তম পুরস্কার দান করুন।
সহিহ আল-বুখারি ও সহিহ মুসলিমসহ বিভিন্ন মৌলিক হাদিস গ্রন্থের হাদিস নম্বর নেওয়া হয়েছে “আল-মাকতাবাতুশ শামেলা” থেকে। হাদিসগুলোর মান বাছাই ও ব্যাখ্যাসহ অনুবাদ দেখে দেওয়ার ব্যাপারে সার্বিক সহযোগিতা পেয়েছি আমার প্রিয় ভাই মাওলানা মোঃ বজলুর রহমান (সিনিয়র মুহাদ্দিস, তা‘মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা, গাজীপুর)-এর কাছ থেকে। এছাড়াও অনুবাদে সহযোগিতা নিয়েছি আরবির প্রফেসর আবু তালহা মনিরুল ইসলাম এবং মাদরাসার আরবির প্রভাষক মাওলানা মোঃ সালিম উদ্দীনের নিকট থেকে। বইয়ের মান বৃদ্ধির ব্যাপারে সূচিপত্র ও ব্যাখ্যাসহ পুরো বইয়ের উপর গঠনমূলক পরামর্শ দিয়েছেন শ্রদ্ধেয় ভাই প্রফেসর মোঃ আবুল হাশেম (রাজশাহী বিশ্ববিদ্যালয়)। মহান আল্লাহ তাঁদেরকে সর্বোত্তম পুরস্কার দান করুন। এছাড়াও আমার এ কাজে কম্পোজসহ বিভিন্নভাবে যারা সহযোগিতা করেছেন মহান আল্লাহ তাদেরকে জাযায়ে খায়ের দান করুন। আমার অজান্তে হওয়া ভুলের জন্য মহান আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করছি। কোনো ভুল নজরে পড়লে জানানোর জন্য পাঠকদের নিকট অনুরোধ রইল। হে আল্লাহ! দয়া করে আমার এ ক্ষুদ্র প্রচেষ্টা কবুল করো এবং একে আমার, আমার পিতা-মাতা, স্ত্রী-সন্তান, প্রিয়জন, প্রচারক ও পাঠকদের নাজাতের ওসিলা বানিয়ে দাও।
মহান আল্লাহর রাসুলের জন্য এবং তাঁর সাহাবি ও পরিজনদের জন্য সালাত ও সালাম। প্রথমে ও শেষে, সর্বদা ও সর্বত্র সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য।
মোঃ হাবিবুর রহমান
রাজশাহী
সেপ্টেম্বর ২০২২
অভিমত
আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানিতে “হাদিসে রাসুল ﷺ”-এর নতুন সংস্করণ বের হলো। এতে প্রয়োজনীয় কিছু শিরোনাম যুক্ত করায় বইটির মান আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে, আলহামদুলিল্লাহ। হাদিস যাচাই-বাছাইয়ে অভিজ্ঞ আলেমদের মতামত নেওয়া হয়েছে। তাই এ গ্রন্থে চয়নকৃত প্রায় সকল হাদিসই সহিহ। কিছু সংখ্যক মূল হাদিসের ব্যাখ্যায় আনুষঙ্গিক অন্য হাদিস বাংলায় দেওয়া হয়েছে, যাতে পাঠক বেশি সংখ্যক হাদিস জানতে পারেন। এ গ্রন্থে মানব জীবনের বিভিন্ন বিষয়ের গুরুত্বপূর্ণ হাদিসগুলো সন্নিবেশিত হয়েছে। ইসলাম যে পূর্ণাঙ্গ জীবন-ব্যবস্থা তা এ হাদিসগ্রন্থটি অধ্যয়ন করলে একজন পাঠক সহজেই বুঝতে পারবেন। এ গ্রন্থখানা প্রকাশের ফলে এ থেকে যেমন সাধারণ পাঠকগণ উপকৃত হবেন, সাথে সাথে ইসলাম প্রতিষ্ঠার কাজ যারা করছেন তারা বিষয়ভিত্তিক আলোচনার জন্য খুব সহজেই তাদের কাঙ্ক্ষিত হাদিসগুলো পাবেন। আর একটি বিষয় লক্ষণীয়, তা হলো আমলি-জিন্দেগির দিকে লক্ষ রেখে হাদিসগুলো চয়ন করা হয়েছে। তাছাড়া শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ এ হাদিস গ্রন্থটি পাঠ্যবই হিসেবে নির্বাচিত করতে পারেন। মহান আল্লাহর নিকট প্রার্থনা তাঁর রাসুলের হাদিসগুলো জেনে, মেনে ও প্রচার করে আখিরাতের প্রস্তুতি গ্রহণ করার ও সেই সাথে তাঁর মাগফিরাত ও রহমত দ্বারা ধন্য হবার তৌফিক দিন। আমিন! সুবহানাকা আল্লাহুম্মা ওয়াবিহামদিকা আশহাদু আল্লা-ইলাহা ইল্লা আনতা আসতাগফিরুকা ওয়া আতুবু ইলায়কা।
মোঃ মুজিবুর রহমান
সাবেক এমপি
২০২২
এই সংকলনটি CC BY 4.0 লাইসেন্সের অধীনে প্রকাশিত; ওয়েবসাইটটি তৈরিতে Quarto-এর পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তির সাহায্য নেওয়া হয়েছে। বইটি অফলাইনে পড়তে ই-বুক (EPUB) / পিডিএফ (শীঘ্রই আসছে) ডাউনলোড করুন।
বিশেষ দ্রষ্টব্য: ভিজিটর ট্র্যাক করতে অ্যানালিটিক্স টুল (GoatCounter এবং Umami) ব্যবহার করা হয়; কোনো কুকিজ বা ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা হয় না। সংগৃহীত ডেটা কোনো তৃতীয় পক্ষের সাথে শেয়ার করা হয় না। পরিসংখ্যান দেখতে এখানে ক্লিক করুন।
যে কোনো মতামতের জন্য যোগাযোগ করুন।